ইবি প্রতিনিধি।।
ঈদের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি- নিরাপত্তা কর্মচারীর প্রটোকলে ভ্যানযোগে শতাধিক মণ গাছের গুড়ি ও খড়ি পাচারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার -০১ জুলাই- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ ও হিসাব শাখার উপ-রেজিস্ট্রার আসাদুজ্জামান এবং সদস্য হিসেবে আছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটু। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মেহের আলী বলেন, চিঠি হাতে পেয়েছি। দ্রুতই কমিটির সদস্যদের নিয়ে বসে তদন্ত কাজ শুরু করবো।
এর আগে গত ১৪ জুন ভোর পাঁচটার দিকে প্রটোকল দিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে ৭-৮টি ভ্যানযোগে গাছের গুড়ি ও খড়ি পাচারের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এস্টেট অফিসের কম্পিউটার অপারেটর ফরিদুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসলে এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমলে নিয়ে ছাত্র উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে জরুরি সভা করে। সভায় এস্টেট প্রধান শামছুল ইসলামকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে পরিদর্শন শেষে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদের কাছে প্রতিবেদন দেওয়া হলে সেই প্রতিবেদনসহ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠানো হয়। পরে গত ২৭ জুন ফরিদকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮