মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে খালেদা জিয়া হল ও শহীদ আনাস হলের মধ্যে এই প্রীতি বিতর্কের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আয়নুল হক আকন্দ এবং হলের হাউজ টিউটরবৃন্দ। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সাধারণ সম্পাদকসহ বিভিন্ন আবাসিক হলের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিতার্কিকরা।
সংসদীয় ধারার এই বিতর্কের বিষয় ছিল— ‘এই সংসদ মনে করে, শিক্ষকদের সদিচ্ছাতেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব’। প্রতিযোগিতায় সরকারি দল (পক্ষ দল) হিসেবে অংশগ্রহণ করে শহীদ আনাস হল এবং বিরোধী দল (বিপক্ষ দল) হিসেবে অংশ নেয় খালেদা জিয়া হল। যুক্তিতর্কের লড়াই শেষে প্রীতি এই প্রতিযোগিতায় উভয় দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া, পুরো বিতর্কে যুক্তিনির্ভর ও চমৎকার উপস্থাপনার জন্য শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিরোধী দলের উপনেতা তাসনীম ফাতিমা।
এবিষয়ে খালেদা জিয়া ডিবেটিং সোসাইটির সভাপতি মুমতাহিনা রিনি বলেন, ৪৮ তম বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে এমন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এটি একটি আন্তঃহল প্রীতি বিতর্ক ছিল এর মাধ্যমে আমরা আমাদের নবীন বিতার্কিকদের উৎসাহিত করার চেষ্টা করেছি। আগামীতে আমরা এমন আয়োজন আরও করতে চাই এবং নতুন বিতার্কিকদের সম্ভাবনাময় দ্বার উন্মোচন করতে চাই। বিশ্ববিদ্যালয়ে এমন চর্চা জারি থাকলে এখান থেকে আমরা আন্তর্জাতিক মানের বিতার্কিক তৈরি করতে পারবো বলে আশাবাদী।
খালেদা জিয়া হলের প্রভোস্ট ও উক্ত হলের ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. আয়নুল হক আকন্দ বলেন, বিশ্ববিদ্যালয় দিবসে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়, যুক্তির মাধ্যমে প্রসন্ন হোক বুদ্ধিদীপ্তর উন্মোচন হোক এই আমার প্রত্যাশা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮