ইবি প্রতিনিধি,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যারাবিক ক্লাবের উদ্যোগে সদস্যদের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘Fundamentals of AP Debates’ শীর্ষক একটি বিশেষ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৩০৩ নম্বর কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
অ্যারাবিক ক্লাবের সভাপতি আমির ফয়সালের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াসিন আলী। আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় এশিয়ান পার্লামেন্টারি (AP) ডিবেটের মৌলিক কাঠামো, বিতর্কের নিয়ম, যুক্তি নির্মাণ ও বক্তব্য উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান বক্তা ইয়াসিন আলী বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস ও কার্যকর উপস্থাপনা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এপি ডিবেটের কাঠামো ও কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বিতর্কচর্চায় আরও দক্ষ হয়ে উঠতে পারবে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের চিন্তা ও উপস্থাপনা দক্ষতা বিকাশে সহায়ক হবে।”
সভাপতির বক্তব্যে অ্যারাবিক ক্লাবের সভাপতি আমির ফয়সাল বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতার পাশাপাশি যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সদস্যদের দক্ষতা উন্নয়নে অ্যারাবিক ক্লাব নিয়মিত প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজন করবে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮