আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের লোকসভার আসন পুনর্বিন্যাস বা নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের সরকারি উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিরোধী দলগুলো। আগামী ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এ নিয়ে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) কংগ্রেসের পার্লামেন্টারি কৌশল নির্ধারণ কমিটির বৈঠকে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী স্পষ্ট করে বলেন, পার্লামেন্টে সংখ্যা কম থাকলেও প্রস্তাবিত বিলের বিরোধিতা অব্যাহত থাকবে। তার অভিযোগ, বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থেই এ উদ্যোগ নিয়েছে।
বৈঠক শেষে কংগ্রেস সংসদ সদস্য গৌরব গগৈ জানান, লোকসভার বর্তমান আসনসংখ্যা অপরিবর্তিত রেখেই নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পক্ষে তারা। তার অভিযোগ, নারী সংরক্ষণ কার্যকরের জন্য সীমানা পুনর্বিন্যাসের প্রয়োজন নেই। বরং এ উদ্যোগের আড়ালে সরকার ভোটারদের নির্বাচনী এলাকা নির্ধারণে প্রভাব বিস্তার করতে চাইছে এবং নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
অন্যদিকে, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সব রাজ্যে সমান হারে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এতে মোট আসন বেড়ে ৮৫০ হতে পারে। পাশাপাশি ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলোর মধ্যে আসনের অনুপাত অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে জনগণনার শর্তে আনা সংবিধানের ১৩১তম সংশোধনী বিল বিরোধীদের আপত্তিতে আটকে যায়। নতুন প্রস্তাবে বিরোধীদের আপত্তি কতটা সামাল দেওয়া সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮