তৌহিদুল ইসলাম চঞ্চল,
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পৃথক দুটি মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৬০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।
আজ ২৬ মে (মঙ্গলবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ বিজিবির অধিনায়ক এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি ও বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, চোরাকারবারী চক্র ঈদকে লক্ষ্য করে মাদক পাচারের অপচেষ্টা চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৫ মে বিকেলে বালারহাট বিওপির আওতাধীন বালারহাট বাজার সংলগ্ন এলাকার একটি মাদক স্পটে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে লুকায়িত অবস্থায় ৫১ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে বিজিবি।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন উত্তর গোড়কমন্ডল এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। এ সময় বিজিবি টহল দল এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে সে মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে আরও ৯ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত মোট ৬০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপের আনুমানিক সিজার মূল্য ২৪,০০০ টাকা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮