মোঃ আসিফুজ্জামান আসিফ,
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের কারখানা প্রাঙ্গণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯ জনের পরিবারের জন্য অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ, আহতদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বহন, নিহতদের পরিবারকে সরকারি অনুদান ও পুনর্বাসন এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও শোক র্যালি করেছেন শ্রমিক নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টায় জামগড়ার এফএনএফ ট্রেন্ড ফ্যাশন লিমিটেড (প্রীতি গ্রুপ) কারখানার প্রধান ফটকের সামনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আশুলিয়া থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে শুধু সহানুভূতি জানালেই হবে না, তাদের ন্যায্য ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে। একই সঙ্গে স্বজন হারানো পরিবারগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
তারা আরও বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের জীবন ও নিরাপত্তা কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। শিল্পকারখানায় গ্যাস সিলিন্ডারসহ ঝুঁকিপূর্ণ সরঞ্জাম ব্যবহারে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বক্তারা নিহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান, আহতদের বিনামূল্যে ও পূর্ণাঙ্গ চিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে দুর্ঘটনার কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে ভবিষ্যতে এমন প্রাণহানি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি আফজাল হোসাইন, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শেখ মো. আল আমিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে নিহতদের স্মরণে শোক র্যালি বের করা হয়। এতে অংশ নেওয়া শ্রমিক ও নেতাকর্মীরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং ক্ষতিপূরণ, চিকিৎসা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, আশুলিয়ার জামগড়ায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে নুর ইসলাম (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, কারখানা প্রাঙ্গণে দেয়ালের পাশে সারিবদ্ধভাবে রাখা লরিগুলোর একটি থেকে আগুনের সূত্রপাত হয়। এর মধ্যে ৪ নম্বর লরিতে প্রথম বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, লরিতে ব্যবহৃত সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮