নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামুতে আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলার আসামি মো. ফারুককে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) রামু থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।
গ্রেপ্তার মো. ফারুক রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দারিয়ারদিঘী (মন্ডলপাড়া) এলাকার হোসাইন আহমেদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সকালে রামু-মরিচ্যা আরাকান সড়কে নাম্বারবিহীন একটি ডাম্পারে ইয়াবা পাচারের সময় ফারুকের আপন ভাই মো. হারুন (২৯)কে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে সহযোগিতায় থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
পরে আটক হারুনের হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে মোট ১ লাখ ৫০ হাজার (এক লাখ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মো. ফারুককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮