চঞ্চল,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নেতা-কর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "আমি যেন না শুনি আমার নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করছেন। যদি এমন কিছু ঘটে, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কারা ভোট দিয়েছে আর কারা দেয়নি, এই বিভাজন আপনারা করবেন না। মনে রাখবেন, এলাকার সকলেই আমাকে ভোট দিয়েছে।"
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে তিস্তা বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল পথসভায় আবেগঘন কণ্ঠে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর।
আসছে 'ফ্যামিলি কার্ড' ও নতুন উদ্যোগ:
দরিদ্র মানুষের জন্য সুখবর দিয়ে মন্ত্রী বলেন, "আসন্ন ঈদুল ফিতরের আগেই আমরা ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছি। প্রাথমিকভাবে আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল হতদরিদ্র পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে।" এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে সরকারি সহায়তা সরাসরি প্রকৃত মানুষের কাছে পৌঁছানো হবে।
পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছের মহাপরিকল্পনা:
দুর্যোগ মোকাবিলায় পরিবেশের ভারসাম্যের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, "সরকার সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানো হবে।"
১৮০ দিনের বিশেষ প্যাকেজ ও উন্নয়ন:
মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বা প্যাকেজ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক সম্পন্ন হয়েছে। এলাকার উন্নয়নে তিনি বলেন, "শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দ্রুত খাল খনন শুরু হবে। পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে এই কাজ করবে।"
জনগণের উদ্দেশ্যে তাদের ‘দুলু ভাই’:
উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, "আমি শুধু মন্ত্রী নই, আমি আপনাদের দুলু ভাই। এতদিন আপনারা আমাকে পাহারা দিয়েছেন, আগলে রেখেছেন; এখন থেকে আমি আপনাদের দেখব।"
বাজার নিয়ন্ত্রণ ও রমজানের প্রস্তুতি:
আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জিরো টলারেন্স হুঁশিয়ারি দেন।
শুভেচ্ছা বিনিময় ও রাষ্ট্রীয় সম্মান:
এর আগে দুপুরে মন্ত্রী লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা দিয়ে জেলায় প্রবেশ করলে হাজার হাজার মানুষ তাঁকে শুভেচ্ছায় সিক্ত করেন। তিনি পর্যায়ক্রমে তিস্তা বাসস্ট্যান্ড, মোস্তফী, ফকিরের তকেয়া, নিজ জন্মভূমি বড়বাড়ী, মহেন্দ্রনগরের কদমতলা ও বুড়ির বাজারে পৃথক পথসভায় অংশ নেন। পরে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা তাঁকে বরণ করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮