পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ভোট মহামূল্যবান, অযোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করলে সবাইকে ভুলের মাশুল দিতে হবে। তাই অন্ধবিশ্বাস বা আবেগ নয়, বিবেককে কাজে লাগিয়ে সৎ যোগ্য প্রতিনিধি নির্বাচন করুন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে নির্বাচনী সভায় তিনি একথা বলেন।
এসময় কায়সার কামাল বলেন, ধর্মপ্রাণ মুসল্লিকে প্রতারণার মাধ্যমে ভিন্নপথে প্রবাহিত করছে একটি দল। যারা ধর্মের নাম নিয়ে প্রতারণা করে তারা ব্যক্তিপর্যায়ে সবক্ষেত্রে প্রতারণা করতে পারে।
নির্বাচনী এই জনসভায় শত শত নারী পুরুষের উপস্থিতি দেখা যায়। সকলের উদ্দেশ্যে বিএনপির এই প্রার্থী বলেন, আমি কখনো কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনা। আমি নিজের দুর্নীতি করবো না, আপনার হক নিয়ে অন্যকে দুর্নীতি করতে দিবো না৷
তিনি বলেন, ভোটারদের সুচিন্তিত মতামত থাকলে অর্থাৎ ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করবো। আমি একশোভাগ সততার সাথে কাজ করবো।
নির্বাচিত হলে বিএনপির স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে নিজেদের ব্যবস্থাপনায় সকলের দুয়ারে পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি। এসব কার্ড নিয়ে কেউ ন্যূনতম দুর্নীতি করলে নিজে বাদী হয়ে মামলা করবেন বলেও স্পষ্ট ঘোষণা দেন কায়সার কামাল।
সকলের কাছে ভোট চেয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে বসে থেকে ফলাফল নেয়ার পর বাড়ি ফিরবেন। চূড়ান্ত বিজয় নিয়ে হাসিমুখে বিজয়ের মিছিল নিয়ে ঘরে ফিরবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮