বিনোদন ডেস্ক,
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari শনিবার সকালে হাজির হন বিজেপি নেতা ও বর্ষীয়ান অভিনেতা Mithun Chakraborty-এর নিউটাউনের বাসভবনে। শপথ নেওয়ার পর এটিই ছিল দুজনের প্রথম একান্ত বৈঠক।
প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির পরিবর্তনের অন্যতম কারিগর মিঠুন চক্রবর্তী।
তিনি বলেন, “দল আমাকে মুখ্যমন্ত্রী করেছে, কিন্তু এর পেছনে মিঠুনদার বড় ভূমিকা রয়েছে। গত ছয় বছর ধরে তিনি নিঃস্বার্থভাবে রাজ্যে পরিবর্তনের জন্য কাজ করেছেন।”
শুভেন্দু আরও জানান, মিঠুন চক্রবর্তী তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি নিজেই অভিনেতার বাড়িতে গিয়ে বলেন— “আপনি আসবেন কেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার কাছে আসবে।”
এ কথা শুনে আবেগাপ্লুত হয়ে শুভেন্দুকে জড়িয়ে ধরেন মিঠুন চক্রবর্তী।
মুখ্যমন্ত্রী বলেন, “মিঠুনদার জনপ্রিয়তা শুধু বিজেপির মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সবার কাছে মহাগুরু। আমি তার আশীর্বাদ নিতে এসেছি।”
অন্যদিকে শুভেন্দু অধিকারীকেও প্রশংসায় ভাসান মিঠুন চক্রবর্তী।
তিনি বলেন, “শুভেন্দুর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি।”
মিঠুন আরও বলেন, “শপথ নেওয়ার পর থেকেই শুভেন্দু কাজ করে চলেছেন। আমরা ওর জন্য গর্বিত এবং সবসময় ওর পাশে আছি।”
জানা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির হয়ে প্রচার চালিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
মিঠুন বলেন, “মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সব পূরণ করা হবে। মুখ্যমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা পালন করব।”
এদিকে শনিবার থেকেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮