স্পোর্টস রিপোর্ট, সিলেট,
দিরাইয়ে মাঠ প্রস্তুত ছিল, খেলোয়াড়েরাও পৌঁছে গিয়েছিলেন নির্ধারিত সময়ে। কিন্তু শেষ পর্যন্ত আর গড়ায়নি বল। স্থানীয় একটি পক্ষের আপত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে হওয়ার কথা থাকা কিশোরীদের ফুটবল ম্যাচটি স্থগিত হয়ে গেছে। ফলে সিলেট থেকে আসা জারা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঠে নামার স্বপ্ন থেমেছে মাঠের বাইরেই।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে দিরাই উপজেলা স্টেডিয়ামে স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের বিপক্ষে জারা স্পোর্টিং ক্লাবের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই সিলেট থেকে দিরাইয়ে পৌঁছেছিল জারা স্পোর্টিং ক্লাবের দল। তবে স্থানীয় একটি পক্ষের আপত্তি এবং পরবর্তী পরিস্থিতিতে ম্যাচটি আর আয়োজন করা সম্ভব হয়নি। মন খারাপ নিয়েই শেষ পর্যন্ত সিলেটের পথে ফিরতে হয়েছে খেলোয়াড়দের।
আয়োজক সূত্র জানায়, ম্যাচটি বন্ধের দাবিতে কয়েকজন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে যান। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়। পরে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু সংশ্লিষ্ট দুই পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে খেলা আয়োজন করতে হবে। সমঝোতা সম্ভব না হলে ম্যাচ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়।
খেলা বন্ধের দাবি জানানো ‘দিরাই ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি শরিফ উদ্দিন বলেন, মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে এটা আমরা মানতে পারি না। এর আগে আমার দেখিনি। আমরা খেলাধুলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী।
তিনি আরও বলেন, আগে শুনেছিলাম কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করে বলা হচ্ছে, মহিলাদের ফুটবল খেলা। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনো ফুটবল খেলা হয়নি।
তবে আয়োজকদের দাবি, দিরাইয়ের মাঠে মেয়েদের ফুটবল খেলা নতুন কোনো ঘটনা নয়। খেলার আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া বলেন, স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবটি ২০১৯ সালে যাত্রা শুরু করে। ওই সময় আমাদের আমন্ত্রণে দেশের ৭ জেলার মেয়েদের ৭টি ফুটবল দল দিরাইয়ে এসে খেলে গেছে। স্বপ্নচূড়ার মেয়েরাও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে খেলেছে। জাতীয়ভাবেও তারা বিভিন্ন খেলায় অংশ নিয়েছে।
ম্যাচ স্থগিতের বিষয়ে রাকিব আহমেদ ভূঁইয়া বলেন, আজ দুপুরে পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছি। পুলিশের পক্ষ থেকে খেলা স্থগিত করতে বলা হয়। তাই বাধ্য হয়ে তিনি খেলা স্থগিত করা হয়েছে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, চার-পাঁচদিন আগে দিরাইয়ে খেলা আয়োজনের বিষয়ে একজন তাঁকে জানিয়েছিলেন। পরে অন্য একটি পক্ষ নারীদের এই ফুটবল ম্যাচ আয়োজনের বিরুদ্ধে অবস্থান নেয়।
ইউএনও বলেন, যেহেতু উভয় পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে খেলা আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে পরে আয়োজকেরা তাঁকে জানান, তাঁরা নিজেরাই ম্যাচটি স্থগিত করেছেন।
এদিকে ম্যাচ খেলতে সিলেট থেকে দিরাইয়ে এসে মাঠে নামার সুযোগ না পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে জারা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের। দলটির কোচ বশির উদ্দিন বলেন, আমরা ম্যাচ খেলতে নির্ধারিত সময়েই দিরাইয়ে পৌঁছেছি। এখন জেনেছি খেলা হবে না। মেয়েরা মন খারাপ করেছে।
একটি ফুটবল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ার কথা ছিল, দিনের শেষে সেখানে নেমে আসে স্থগিতের নীরবতা। খেলোয়াড়েরা মাঠে এসেছিলেন, প্রতিপক্ষও প্রস্তুত ছিল; কিন্তু বল গড়ানোর আগেই থেমে যায় আয়োজন। শেষ পর্যন্ত খেলা না হওয়ায় সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জারা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮