এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, 'আদিবাসীদের চিরতরে বিলুপ্ত করতে চায় বাংলাদেশ সরকারের শাসকগোষ্ঠী। ১৯৭২ সালে সংবিধান রচনার মাধ্যমে আদিবাসীদের পরিচয় হরণ করা হয়েছিল। বলা হয়েছিল, "সবাই বাঙালি। আদিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।'
আজ মঙ্গলবার ০৯ আগস্ট ২০২২ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে '""বাংলাদেশ আদিবাসী ফোরাম'"র উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে এসব কথা বললেন বাংলাদেশ আদিবাসী ফোরামের ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। এবার জাতিসংঘ ঘোষিত বিশ্ব আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে "'ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ এবং বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা।""'
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এখন সামরিক শাসন চলছে। আদিবাসীদের অস্তিত্ব বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। এমন কোন পরিবার নেই যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না।
বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যকার মামুনুর রশীদ। তিনি বলেন, শান্তি চুক্তির পরিণতি এখনও দৃশ্যমান হয়নি। সমতলে আদিবাসী হত্যার বিচার হয়নি। আদিবাসী বলা যাবে না বলে যে সার্কুলার জারি করা হয়েছিল তারা কারা? তারা বলছে আদিবাসীর সংখ্যা কমছে। কিন্তু আদিবাসীর সংখ্যা কমছে না, এরা লুণ্ঠিত হয়ে চলে গেছে।
আদিবাসী নারী পরিষদের সভাপতি বাসন্তী মুর্মু বলেছেন, পাহাড় ও সমতলের আদিবাসীদের জন্য জাতীয় সংসদে দুইটি সংরক্ষিত আসন বরাদ্দ রাখতে হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আদিবাসীর পরিবর্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দের ব্যবহারকে ‘"অবমাননাকর"’। আদিবাসীদের সমস্যা সামাজিকভাবে সমাধান করা সম্ভব নয়। তাদের সমস্যা সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। এ জন্য শান্তি চুক্তি করতে হবে।
রাজশাহী -০২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, আদিবাসীদের জমি জালিয়াতি করে নেওয়া হচ্ছে। পাহাড়ে ভূমি কমিশন কাজ করছে না আর সমতলে ভূমি কমিশন নেই। সমতল অঞ্চলের '"আদিবাসী"'দের পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, আজকে যারা বলেন - আদিবাসী বললে সংবিধান লঙ্ঘন হবে, তারা আসলে সংবিধান বুঝেন না। আমাদের নারী সুরক্ষা আইন দরকার। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দরকার। এসময় আদিবাসীদের রক্ষায় সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম। আজ বৈষম্য হচ্ছে। আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করতে হবে।
অনুষ্ঠানে মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, আদিবাসীদের নিয়ে যে সার্কুলার জারি করা হয়েছে, তা মেনে নেওয়া যাবে না। আদিবাসীদের জয় অবশ্যই হবে।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শাসকরা আদিবাসীদের বন মানুষ বলে মনে করে। তাদেরকে নাগরিক বলে মনে করে না। আদিবাসীরাও মানুষ, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে অপমান করা হচ্ছে। তৃণমূল পর্যায়ের আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। আমরা মানুষ, আমরা বাঁচতে চাই, আমাদেরকে স্বীকৃতি দিতে হবে।
অলীক মৃ বলেন, আদিবাসীদের অধিকার রাষ্ট্র এখনও প্রতিষ্ঠা করতে পারেনি। মূলত আদিবাসী নারীরা হচ্ছেন নিজ সংস্কৃতির ধারক-বাহক। কিন্তু নিজস্ব সংস্কৃতির ধারক-বাহক এই আদিবাসী নারীরা ভালো নেই। কারণ, দেশের বিভিন্ন জায়গায় আদিবাসী নারীদের ওপর নির্যাতন অব্যাহত আছে। মধুপুরে এখনও আদিবাসীদের হত্যা বন্ধ হয়নি।
জান্নাত-এ-ফেরদৌসী বলেন, আদিবাসীদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন নাগরিক রাষ্ট্র গড়তে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতারাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এদিকে আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী কালচারাল ফোরামের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮