চঞ্চল,
লালমনিরহাটের আদিতমারীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকসহ মো. শফিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামে অভিযান চালায় সিপিএসসি, র্যাব-১৩, রংপুর-এর একটি আভিযানিক দল। এসময় ওই এলাকার মাদক কারবারি শফিকুল ইসলামের বসতবাড়ির সামনের একটি বেগুন ক্ষেতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বেগুন ক্ষেতের ভেতরে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক 'এস্কাফ' (ESkuf) উদ্ধার করা হয়। এসময় মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। গ্রেপ্তারকৃত শফিকুল ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
র্যাব-১৩ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং সমাজকে মাদকমুক্ত করতে র্যাবের এই কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮