মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি),
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় আটারকছড়া রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, কল্পতরু দান, পিণ্ডদানসহ নানা ধরনের ধর্মীয় দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বশান্তির অরণ্য কুটির বনবিহারের সুগত বংশ মহাস্থবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্যগিরি বনবিহারের শান্ত সাগর স্থবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্পন চাকমা।
বক্তব্যে সুনিতা চাকমা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় অনুশাসন, ত্যাগ, সংযম ও দানের মহিমা প্রকাশ পায়।
রিক্তা চাকমা বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করে। নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জানোকি চাকমা বলেন, আমাদের বিহারে কোন ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাইনা, আমরা অনেক কষ্ট করে নিজেদের অর্থায়নে এই অনুষ্ঠান পালন করি, সরকারের সহযোগিতা কামনা করছি।
গুরিমরা চাকমা বলেন, আমাদের এখানে শ্রদ্ধেয় ধর্মগুরুরা ঠিকমতো থাকতে পারেনা, আমাদের একটি ঘরের প্রয়োজন যেখানে নিরাপদে থাকতে পারবেন তারা।
দিনব্যাপী এ আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও নানা দানকার্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮