দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসছে। মঙ্গলবার রাতের মধ্যেই মজুরির বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বোর্ড চেয়ারম্যান বলেন, মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে ব্যবধান কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। রাত ৯টা পর্যন্ত বৈঠক চলবে। উভয় পক্ষ তৃতীয় দফায় সংশোধিত প্রস্তাব জমা দেবে। এরপর সেগুলো পর্যালোচনা করে আজকের মধ্যেই মজুরি চূড়ান্ত করার চেষ্টা করা হবে।
তিনি আরও জানান, তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞদের বৈঠকে রাখা হয়েছে। প্রয়োজনীয় তথ্য দিয়ে তারা আলোচনায় সহায়তা করছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, সর্বশেষ আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে গতকাল সোমবার দুপুরে বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই বৈঠকে দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হলেও সমঝোতা হয়নি। পরে আজ মঙ্গলবার আবার বৈঠকে বসেন তারা।
গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার মাসিক নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তী আলোচনায় শ্রমিকপক্ষ তাদের দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।
আজকের সভার আলোচ্যসূচিতে রয়েছে মালিক ও শ্রমিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্পের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।
বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এ মজুরি ঘোষণা করা হয় এবং ওই বছরের ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮