প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৯:০৫ পি.এম
আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি

ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ঝালকাঠি সফরে আসছেন। সফরসূচি অনুযায়ী, ওইদিন দুপুর ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই জনসভাকে ঘিরে ঝালকাঠি জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।
জনসভা উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সভাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। মাঠ পরিদর্শন শেষে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমিরে জামায়াত ঝালকাঠি সফরে আসছেন। এই জনসভা গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে একটি শক্ত বার্তা বহন করবে।”
তিনি আরও বলেন, “ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগম ঘটবে বলে আমরা আশা করছি। জেলার পাশাপাশি আশপাশের উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকেও নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন।”
জেলা আমির জানান, জনসভাকে সফল করতে প্রস্তুতি সভা, মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণসহ সার্বিক সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।
মাঠ পরিদর্শনকালে জেলা আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুসহ জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৭ মার্চ ঝালকাঠি সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সে সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম তালুকদারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার নবজাতক কন্যা সন্তানের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। একই সফরে তিনি ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এক পথসভায় বক্তব্য দেন এবং শহরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিম জামায়াতে ইসলামী ও এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২