দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। দীর্ঘদিন পর সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তবে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় ও নিরাপত্তাঝুঁকির মধ্যে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে, ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণে দেশে-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা চলছে বলে আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের ঘটনাপ্রবাহের পেছনে দেশি-বিদেশি শক্তিশালী চক্রের ইন্ধন রয়েছে বলে অনেকে ধারণা করছেন। কারা কোথায় কীভাবে পরিকল্পনা করছে, তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এমনকি পুলিশ ও প্রশাসনের কারও কারও সংশ্লিষ্টতা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ।
সুধী সমাজের প্রতিনিধি ও সরকারসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় জানা গেছে, সাম্প্রতিক নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পেছনে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ এবং সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্য থাকতে পারে। এমন পরিস্থিতি তৈরি করে ‘শেখ হাসিনার শাসনামলই ভালো ছিল’—এমন একটি বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে তাঁদের ধারণা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে এ ধরনের প্রচারণাও দেখা যাচ্ছে।
তবে প্রশ্ন উঠেছে, কারও পরামর্শে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই কোনো ফাঁদে পড়ছে কি না। অনেকে স্বাধীনতা-পরবর্তী জাসদের হঠকারিতা ও সহিংস রাজনীতির উদাহরণ টেনে বলছেন, ওই রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছিল। ফলে শেখ হাসিনার ঘোষিত ‘ডিসেম্বর’ সময়সীমা ব্যর্থ হলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও আলোচনা চলছে।
আওয়ামী লীগকে যারা মাঠে নামিয়েছে, তাদের উদ্দেশ্য সফল হবে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। পাশাপাশি চলমান অস্থিরতার কারণে প্রতিবেশী ভারতের সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও আলোচনায় রয়েছে। সরকার কাকে মিত্র বা বন্ধু মনে করছে এবং কারা নেপথ্যে ষড়যন্ত্র করছে, তা চিহ্নিত করাও কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকে।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ এখন যা করছে, তা রাজনীতি নয়, অপরাজনীতি। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জোর করে ক্ষমতায় আসার চিন্তা তাদের জন্য স্বপ্নের মতো। এভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
তিনি বলেন, জুলাই গণহত্যার ঘটনায় আওয়ামী লীগ এখনো দায় স্বীকার করেনি। দায় স্বীকার না করায় পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) সুযোগ নেই। তারা দায় স্বীকার করলে ক্ষমার প্রশ্ন আসত, কিন্তু তা করেনি।
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই নিজেদের ভুল স্বীকার করতে চায় না। রাজনীতিকদের ধারণা, কোনো দল ভুল স্বীকার করলে মানুষ মনে করবে তারা পরাজিত হয়েছে। এ কারণে তারা ‘সরি’ বলে না। জুলাই গণঅভ্যুত্থানকেই আওয়ামী লীগ স্বীকার করে না, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নও আসেনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮