চঞ্চল,
লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানে বড় পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আজ শনিবার (০২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, “লালমনিরহাট একসময় মঙ্গাপীড়িত অঞ্চল হিসেবে পরিচিত থাকলেও আজ এখানে মহাকাশ গবেষণার মতো উচ্চতর শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যোগাযোগ অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্যের যে জোয়ার সৃষ্টি হবে, তাতে স্থানীয় জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে।” তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি)-কে আলোকিত লালমনিরহাট গড়ার অন্যতম বড় ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসাদুল হাবিব দুলু বলেন, “তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী। তোমাদের হাতেই তৈরি হবে আমাদের নিজস্ব স্যাটেলাইট ও উন্নত বিমান প্রযুক্তি।” তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের মাথা উঁচু করার আহ্বান জানান এবং শিক্ষকদের নির্দেশ দেন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের বীজ বপন করতে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অ্যাভিয়েশন ম্যাগাজিন 'SPACE & BEYOND'-এর মোড়ক উন্মোচন করেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, রংপুরের বিভাগীয় কমিশনারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ২০১৯ সালে যাত্রা শুরু করার পর ৩ জুলাই ২০২২ থেকে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি)। বর্তমানে এখানে ৪টি অনুষদের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট ৯টি কোর্স সফলভাবে পরিচালিত হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮