শওকত আলম, ককসবাজার:
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের প্রাণ বাঁচানোর শেষ ভরসা ছিল লাইফগার্ড সেবা। ২০০৮ সালে “সি-সেফ” নামে এ কার্যক্রম চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার পর্যটককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন তারা। কিন্তু আর্থিক সংকটের কারণে চলতি সেপ্টেম্বরের শেষেই এ সেবা বন্ধ হয়ে যেতে পারে। এতে চরম নিরাপত্তাহীনতায় পড়বেন সৈকতে আগত দেশি-বিদেশি পর্যটকরা।
সি-সেফ সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত লাইফগার্ডরা অন্তত ১,৯৫০ জন পর্যটককে জীবিত উদ্ধার করেছেন, এর বাইরে হাজারো মানুষকে বিপদসংকুল জায়গা থেকে সরিয়ে দিয়েছেন। শুধু উদ্ধার নয়, লাইফগার্ডরা নিয়মিত পর্যটকদের সতর্কবার্তা দেওয়া, ডুবন্ত মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় সৈকত পুলিশকে সহায়তা করে আসছেন।
প্রকল্পটির জন্য মাসিক ব্যয় হয় প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা। এর মধ্যে ২৭ জন লাইফগার্ডসহ মোট ৩৫ কর্মীর বেতন, প্রশিক্ষণ ও সরঞ্জাম কেনার খরচ অন্তর্ভুক্ত। কিন্তু আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন কোনো অর্থায়ন না পাওয়ায় প্রকল্পটি এখন বন্ধ হওয়ার মুখে।
কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন,
“প্রতিবছর সৈকতে ডুবে বহু মানুষ মারা যায়। লাইফগার্ডরা না থাকলে এ সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে। পর্যটকদের নিরাপত্তার জন্য এ সেবা চালু রাখা অত্যন্ত জরুরি।”
কক্সবাজার ট্যুরিজম ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ আলম জানান,
“সৈকতে লাইফগার্ড না থাকলে শুধু পর্যটকই নয়, আমাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। পর্যটকরা নিরাপত্তাহীনতা অনুভব করলে কক্সবাজারে ভ্রমণ কমে যাবে।”
লাইফগার্ড সদস্য আবদুল করিম বলেন,
“আমরা জীবনের ঝুঁকি নিয়ে এত বছর পর্যটকদের জীবন বাঁচিয়েছি। কিন্তু এখন যদি প্রকল্প বন্ধ হয়ে যায় তবে শুধু পর্যটকদেরই নয়, আমাদের পরিবারও অনিশ্চয়তায় পড়বে।”
স্থানীয়রা বলছেন, কক্সবাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পর্যটন নগরী। এখানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই সি-সেফ প্রকল্পকে নিয়মিত অর্থায়নের আওতায় আনতে হবে।
পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের পর্যটন শিল্প রক্ষায় অবিলম্বে সরকারি উদ্যোগে এ সেবা টিকিয়ে রাখা উচিত। অন্যথায়, কক্সবাজার সৈকতে দুর্ঘটনা বাড়বে, পর্যটকের আস্থা কমবে এবং দেশের পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮