প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৮:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ৪:২১ এ.এম
অবরোধের মধ্যেও চলবে ইবির একাডেমিক কার্যক্রম।।

ইবি প্রতিনিধি।।
দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের মধ্যেও স্বশরীরে ক্লাস নেওয়া এবং প্রশাসনিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। তবে অনিবার্য কারণ দেখিয়ে আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বিভাগসমূহের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরী সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অনিবার্য কারণে আগামী ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর উপাচার্যের অফিস এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে কম্পিউটার অপারেটর পদের যে জব টেস্ট ছিলো তা প্রশাসনের নির্দেশে স্থগিত করা হয়েছে। এছাড়া এই দুই দিনের বিভাগসমূহের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে সকল প্রশাসনিক কার্যক্রম এবং ক্লাসসমূহ যথারীতি চলবে’
এদিকে নিরাপত্তার দিক বিবেচনায় এই দুই দিনে বাস সিডিউল ও রুটেও পরিবর্তন আনা হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি জানান, আগামীকাল এবং পরশুদিন শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়িসমূহ সকাল ৮টায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপার নির্দিষ্ট জায়গা থেকে (কুষ্টিয়ার কাস্টমস মোড়, ঝিনাইদহের আরাপপুর, শৈলকূপার উপজেলা মোড়) সকাল সাড়ে ৮টায় একযোগে ছেড়ে আসবে। এবং অফিস ও ক্লাস শেষে আবার বিকাল ৪টায় একযোগে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। এর বাইরে অন্য সকল ট্রিপ বন্ধ থাকবে। এবং পরের দিন বৃহস্পতিবার সকল গাড়ি চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার এবং বুধবার পূর্বের ন্যায় পুলিশি নিরাপত্তা সহকারে বাসসমূহ চলাচল করবে বলে জানান তিনি।
এদিকে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অবরোধের কারণে পরীক্ষা বন্ধ করা হয় নি। আমাদের ক্যাম্পাস স্বাভাবিক ভাবে চলবে। পরীক্ষা টা এমনিতেই বন্ধ ঘোষণা করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২