চঞ্চল,
লালমনিরহাটে একটি মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে চলা মিথ্যা অপপ্রচারের প্রতিকার চেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। মিশনমোড় এলাকায় একটি ট্রাক থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা না থাকলেও কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।
তথ্য অনুসন্ধানে দেখা গেছে, জব্দকৃত ট্রাকটির মালিক মোগলহাটের জনৈক রফিকুল ইসলাম এবং মাদক বহনের দায়ে চালক ও সহকারীকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে। এমনকি প্রকৃত মাদক ব্যবসায়ী হিসেবে রাশেদ মিয়ার নামও উঠে এসেছে।
আইনিভাবে প্রকৃত দায়ীদের নাম প্রকাশ হওয়ার পরেও শাহ আলমের মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর নাম আসায় স্থানীয় ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ী শাহ আলম এক বিবৃতিতে বলেন, "মাদক বা কোনো অপরাধের সাথে আমার কোনো দূরতম সম্পর্কও নেই। আইনগতভাবে প্রকৃত মালিক ও আসামিরা শনাক্ত হয়েছে। এরপরেও আমাকে জড়িয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের এমন হীন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এই মিথ্যাচারের বিরুদ্ধে প্রশাসনের নিকট ন্যায়বিচার ও প্রতিকার দাবি করছি।"
এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টরা অবিলম্বে এই সম্মানহানিকর প্রচারণার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮