দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে—এমন মন্তব্য করেছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। কারাগারে আটক নিষিদ্ধ যুবলীগের এক নেত্রীর ছেলের মৃত্যুতে প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনাকে অত্যন্ত অমানবিক বলে উল্লেখ করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাজনূভা জাবীন।
পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগের মতো দানব ও অমানবিক হয়ে তাদের সঙ্গে আচরণ করার চিন্তা সরকারসহ সবাইকে বাদ দিতে হবে। যেকোনো অন্যায় ও অন্যায্যতার বিরুদ্ধে মানুষ এখন মুখ খুলছে। সেই প্রতিবাদ যদি পতিত আওয়ামী লীগের পক্ষেও যায়, তবু মানুষ কথা বলবে। কারণ, জুলাই হয়েছিল অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে।
যুবলীগ নেত্রীর ছেলের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, সরকারের প্রতিটি ছোট-বড় পদক্ষেপ জুলাই-পরবর্তী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। এমন অমানবিক সিদ্ধান্ত আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ঐক্যকেও প্রশ্নবিদ্ধ করতে পারে, যা তিনি চান না।
তাজনূভা জাবীন আরও বলেন, আওয়ামী লীগের আগ্রাসনের বিরুদ্ধে সবাই যখন সোচ্চার, তখন এ ধরনের ভুল তাদের সহিংসতার পক্ষে অজুহাত তৈরির সুযোগ করে দেয়। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় আওয়ামী লীগের হাতে লাশ তুলে দিয়ে তাদের শক্তিশালী না করার যে কৌশল সরকার নিয়েছে, একই কারণে এমন অমানবিক সিদ্ধান্ত থেকেও সরে আসা উচিত।
পোস্টের শেষে তিনি বলেন, সন্তানের মৃত্যুর পরও যুবলীগ করা মায়ের জামিন হয়নি, অথচ আওয়ামী লীগের প্রকৃত অপরাধীরা বিদেশে ও অনলাইনে স্বাভাবিকভাবে অবস্থান করছে। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে এর নিন্দা জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮