পলাশ সাহা, নেত্রকোনা প্রতিনিধি:
সাম্প্রতিক অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক এবং ক্ষেতমজুরদের ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (৮ জুন) বেলা ১১টার দিকে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ ঘটে।
সমাবেশ শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
হাওরাঞ্চলসহ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক, বর্গাচাষী ও ক্ষেতমজুরদের জরুরি সরকারি সহায়তা প্রদান।ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করা।প্রকৃত ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা তৈরি করে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা।জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার।দেশব্যাপী খুন-ধর্ষণ বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
উপজেলা ক্ষেতমজুর সমিতির সহকারী সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং ক্ষেতমজুর সমিতির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপন কুমার সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, প্রকৃতির আকস্মিক বিপর্যয় ও অতিবৃষ্টির কারণে স্থানীয় কৃষক ও ক্ষেতমজুররা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। এই মুহূর্তে তাদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ, কৃষিঋণ মওকুফ এবং আর্থিক অনুদান দেওয়া জরুরি। একই সাথে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানোর জোর দাবি জানান তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮