
মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সেমিনারটি আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়— যিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি এক অনন্য উদ্যোগ। এই কর্মসূচি শুধু অর্থনৈতিক সহায়তাই নয়, বরং আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদা অর্জনের পথও খুলে দেয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম ,শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মান্নান। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
সেমিনারে আলোচকরা শিক্ষা উপবৃত্তি কর্মসূচির কাঠামো, আবেদন প্রক্রিয়া, উপবৃত্তির পরিমাণ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রগতির বাস্তব উদাহরণ তুলে ধরেন। তারা বলেন, উপবৃত্তি পাওয়ার ফলে এসব শিশু এখন নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে এবং শিক্ষায় আগ্রহ বেড়েছে।
এ সময় কয়েকজন উপকারভোগী অভিভাবকও তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। একজন অভিভাবক বলেন, “আগে আমার ছেলে স্কুলে যেতে চাইতো না, কিন্তু উপবৃত্তি পাওয়ার পর বই-খাতা কিনতে পারায় এখন সে আগ্রহ নিয়ে পড়ে।”
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ আলম সমাপনী বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো কোনো প্রতিবন্ধী শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

























