
মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে ও নতুন বছরকে বরণ করে নিতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সবুজ পাঠশালার ক্ষুদে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল। আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, উলিপুর উপজেলা শাখার সভাপতি সৌরভ বাবু, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্নসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পরিবেশ সচেতনতার পাশাপাশি সমাজের অসহায় মানুষের কল্যাণে গ্রীন ভয়েস নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে সবুজ পাঠশালার শিশুরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

























