
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। একই সময় আগুন নেভাতে যাওয়ার পথে রামু ফায়ার সার্ভিসের একটি গাড়ি মহাসড়কে উল্টে গিয়ে দুই দমকল কর্মী আহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য ও ঘটনার পারিপার্শ্বিকতায় পরিকল্পিত অগ্নিসংযোগের আশঙ্কা জোরালো হচ্ছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র জানায়, ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া এলাকার জাহেদ হোসেনের মালিকানাধীন একটি মার্কেটের তিনটি দোকানে আগুন লাগে। এতে নুরুল আজিমের চিরাই কাঠের দোকান, আমির আলীর কুলিং কর্নার এবং শামসুল আলমের ফার্নিচার দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
চিরাই কাঠের দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করা গেলেও কুলিং কর্নার ও ফার্নিচার দোকানের ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জসিমসহ একাধিক ব্যক্তি জানান, আগুন লাগার ঠিক মুহূর্তে কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে। এতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের আশঙ্কা করা হচ্ছে।
কুলিং কর্নারের মালিক আমির আলী বলেন, “আমার দোকান দুই দিন ধরে বন্ধ ছিল। স্বাভাবিকভাবে আগুন লাগার কোনো কারণ নেই। বিষয়টি অত্যন্ত রহস্যজনক।”
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ফার্নিচার দোকানের পাশের একটি অফিসে দা ও কিরিচ দিয়ে দরজা কেটে তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক জাহেদ হোসেন জানান, তিনি দীর্ঘ বছর ধরে ওই জমি ও দোকান ভোগদখলে রয়েছেন। তবে জমি সংক্রান্ত একটি মামলা দীর্ঘ ১৮ বছর ধরে আদালতে চলমান। সম্প্রতি প্রতিপক্ষ আপোষের নামে মোটা অঙ্কের টাকা দাবি করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এর পরপরই এমন ঘটনায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়া বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

























